Posts

সমাধির পাশে

0 comments·0 reblogs
writinglovers
56
·
0 views
·
1 min read

আমার আজকের কবিতা সমাধির পাশে!

সমাধির পাশে,

paulsauer-tomb-art-3185221_1920.jpg

Image

হেমন্তের মায়াবী গোধূলিবেলা
মেঠোপথে চলেছি সেদিন একেলা।
যেতে যেতে দু’চরণ এল থমকিয়া
অন্তিম ভাবনায় কাঁপিল হিয়া।

নির্জল নদীকূল, নেই কোলাহল
নয়ন সম্মুখে সেই সমাধিস্থল।
অনেক কালের চেনা এই সমাধি
এ ধারে বয়ে গেছে ছোট্ট নদী।

নিখিলের প্রিয়মুখ মাতা আর পিতা
চিরনিদ্রায় আছে শায়িত হেথা।
হারায়েছি চিরচেনা পড়শি স্বজন
জীবদ্দশার স্মৃতি ভাবি অনুক্ষণ।

বেঁধেছিল প্রীতি প্রেম স্নেহ মায়াডোরে
ঘুমায়েছে ওরা আজ আমাদের ছেড়ে।
বেদনভরা হৃদে তাহাদের স্মরি
প্রভু হে! সকলেরে দাও ক্ষমা করি।

সমাধির বুকে আজি শায়িত যারা
ধূলির ধরায় ঘর বেঁধেছিল ওরা।
বেলাশেষে থেমে গেছে সব কোলাহল
প্রাণহীন দেহ রহে সমাধির কোল।

ভাঙিছে গড়িছে প্রভু মানবের মেলা
কে জানে কবে কার ফেরার পালা?
উতলা পবন বহে হৃদগগনে
ফিরিব কি আমিও কোনো অঘ্রাণে?

কালের প্রবাহে হারাই যদি
পথিকের পথচলা রবে নিরবধি।
চলিবে সেদিন হেথা আগামীর কেহ
ধুলোয় মিশিবে এই মাটির দেহ।

হে অনুজ! এলে হেথা পথিকের বেশে
দাঁড়াইয়ো ক্ষণকাল সমাধির পাশে।
দু’হাত তুলি প্রিয় ডেকো স্রষ্টারে
যাচিয়ো কৃপা তাঁর সমাধির ’পরে।

Copyright: This is a self-written story by [Abbas Ali]. All rights reserved.

Posted Using INLEO